
মহম্মদপুর প্রতিনিধি (মাগুরা):
মাগুরার মহম্মদপুরে বিদ্যুতের খুঁটির নিচ থেকে শাহিন মিয়া (৩৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠের ধানক্ষেতে লাশটি পাওয়া যায়।
শাহিন মিয়া উপজেলার পলাশবাড়িয়া গ্রামের নিজামুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে যাওয়ার সময় ধানক্ষেতে থাকা বিদ্যুতের খুঁটির নিচে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে মহম্মদপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় বিদ্যুতের খুঁটিতে ট্রান্সফরমার খোলা অবস্থায় ঝুলে থাকতে দেখা যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় খুঁটিটি থেকে ট্রান্সফরমার চুরির চেষ্টা করেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহম্মদপুর থানার এসআই কামরুজ্জামান বলেন, বড়রিয়া কানাবিল মাঠের ধানক্ষেতে স্থাপিত বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে শাহিন মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। সকাল ৭টার দিকে ধানক্ষেতের মালিক মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।