
নিজস্ব প্রতিবেদক, মহম্মদপুর (মাগুরা):
মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করতে কৃষকদের মাঝে স্প্রে মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফুটবল ও ভলিবল বিতরণ করা হয়েছে।
আজ বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর অর্থায়নে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে স্প্রে মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, কৃষির আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, সুস্থ, মেধাবী ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার কৃষকের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বক্তারা সরকারের এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে কৃষি ও ক্রীড়া উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।