নিজস্ব প্রতিবেদক, মহম্মদপুর (মাগুরা):
মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি ও ক্রীড়া খাতের উন্নয়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় কৃষি উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
অনুষ্ঠানে মন্ত্রী উপজেলার কৃষকদের মাঝে স্প্রে মেশিন এবং বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফুটবল ও ভলিবল বিতরণ করেন। উপকরণ পেয়ে কৃষকদের মুখে ছিল সন্তুষ্টির হাসি এবং ক্রীড়া সামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বেদবতী মিস্ত্রী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুর রহমান কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো. মতিউর রহমান, এস.এম.এ. আহাদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জনাব মো. মৈমুর আলী মৃধা, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব এস. এম. ইউনুস আলী এবং মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ জনাব এম. শামীম আহমেদ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে সরকারের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এ কর্মসূচি উপজেলার কৃষি, শিক্ষা ও ক্রীড়া খাতের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।